Breaking
9 Apr 2026, Thu

জটিল স্পাইনাল সার্জারিতে প্রথম সাফল্য পেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল

জেএনএফ: জটিল স্পাইনাল সার্জারিতে প্রথম সাফল্য পেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। বুধবার ৮ জনের টিম গঠন করে আড়াই ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি এই ধরনের অস্ত্রোপচার এখানে প্রথম।

ঝাড়গ্রাম জেলার সীমান্তবর্তী ঝাড়খন্ড রাজ্যের ধুলমঙ্গল এলাকার বাসিন্দা বছর ১৮ -এর গায়ত্রী মাহাত নামে এক গৃহবধূ একমাস আগে বাইক থেকে পড়ে গিয়ে কোমরে চোট পান ।এর ফলে তিনি কোমরের যন্ত্রণায় ভুগতে থাকেন এবং ধীরে ধীরে তার পা দুটি অবশ হতে থাকে। দিন গড়ানোর সাথে সাথে কোমর অনেকটা সামনের দিকে ঝুকে যেতে থাকে। এরপর তাঁর পরিবারের লোকজন চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল এবং টাটা তে যোগাযোগ করলে সেখানে চিকিৎসার খরচ অত্যাধিক হওয়ায় সেখানে চিকিৎসা করাতে রাজি হননি। অবশেষে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে যোগাযোগ করেন হাসপাতালে বিনামূল্যে অপারেশন হয় গায়ত্রীর।

ঝাড়গ্রাম মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১ তারিখ হাসপাতালের বহির্বিভাগে অস্থিরোগ বিশেষজ্ঞ কে দেখাতে এলে, চিকিৎসকরা মহিলার শারীরিক অবস্থা দেখে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পরিবারের লোকজন চিকিৎসকের পরামর্শ মত হাসপাতালে ভর্তি করতে রাজি হয়, পরে ওই মহিলার এমআরআই করে জানতে পারা যায়,ওই গৃহবধুর কোমরের চারটি ভাটিব্রা ভেঙে গেছে, স্পাইনাল কডে প্রচুর চাপ পড়েছে এবং স্পাইনাল ফ্লুইডের প্রবাহ বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন বলে তার পরিবারের লোকজন কে চিকিৎসক জানিয়ে দেন। এরপরই ওই গৃহবধুর পরিবার অস্ত্র প্রচারে রাজি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষও অস্ত্রোপচারে উদ্যোগী হয়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় অপারেশন ইমপ্ল্যান্ট , কারণ এই অপারেশনের প্রয়োজনীয় পরিকাঠামো হাসপাতালে নেই।এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতাই স্বাস্থ্য ভবন থেকে বরাদ্দ করা হয় ওই ইমপ্ল্যান্ট।

তারপরেই বুধবার ঝাড়গ্রাম মেডিক্যালে অস্থি বিভাগের এইচওডি অধ্যাপক রঞ্জিত সাউয়ের নেতৃত্বে অপারেশন হয়। এইচওডি-সহ ধনঞ্জয় পান্ডা, চয়ন পাল, সুদীপ্ত নায়েক এবং তিনজন অ্যানাস্থেটিস্ট সহ জুনিয়র ডাক্তার,নার্সিং স্টাফ এবং ওটি টেকনিশিয়ান মিলিয়ে একটি টিম গঠন করে অপারেশন করা হয়। চিকিৎসা রঞ্জিত সাউ বলেন ‘ এই ধরনের অস্ত্রোপচার কলকাতা মেডিক্যাল কলেজগুলোতে হয়। কিন্তু ঝাড়গ্রাম এর মতো জায়গায় সীমিত পরিকাঠামোর মধ্যে এই অপারেশন যথেষ্ট চ্যালেঞ্জের ছিল।এই অপারেশন এই মেডিক্যাল কলেজে প্রথম।’

ঝাড়গ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার সুস্মিতা ভট্টাচার্য বলেন ‘ডাক্তার রঞ্জিত সাউ এই প্রথম আমাদের এখানে স্পাইনাল সার্জারি সফলভাবে করলেন এটা একটা বড় ব্যাপার। এবং রোগী ও সুস্থ হয়ে বাড়ি ফিরছে এটাও আমাদের কাছে খুব আনন্দের।’

Developed by