Breaking
23 Apr 2026, Thu

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের পিঠাপুরা ও হাতিপাদা গ্রামের ঘটনা। জানা গিয়েছে, রাত্রি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দুটি ঘটনা ঘটে। পিটাপুরা গ্রামে এক তৃণমূল কর্মী মোটরবাইকে করে রাস্তায় শুয়ে থাকা পথ কুকুরকে ধাক্কা দেয়। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন বাঁশ, লাঠি নিয়ে তৃণমূলের উপর চড়া হল। ঘটনায় পিঠাপুরা বুথের বুথ সভাপতি রবীন্দ্রনাথ বালার মাথা ফেটে যায়। অন্যদিকে, হাতিপাদা গ্রামে তৃণমূলের পিকনিক হচ্ছিল বলে আভিযোগ বিজেপি। সেখানে তৃণমূল ও বিজেপির মধ্যে গন্ডগোল বাঁধে। তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন ধারালো অস্ত্র দিয়ে হাতিপাদা বুথের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি সুকুমার পাল কে কোপ মারে। ঘটনায় মাথার কিছুটা অংশ কেটে যায় সুকুমারের। গোপীবল্লভপুর দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল বলেন,’ বিজেপির লোকজন হঠাৎ আমাদের বুথ সভাপতি ও প্রাক্তন বুথ সভাপতি উপর আক্রমণ চালায়। ঘটনায় একজনের মাথা ফাটে এবং অন্য জনের মাথার কিছু অংশ কেটে যায়। দু’জনেই তপসিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশে অভিযোগ জানানো হয়েছে ‘। নয়াগ্রাম পাঁচ নম্বর মন্ডল বিজেপির সভাপতি তাপস সুঁই তৃণমূলের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন,’তৃণমূল ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। বিজেপির বিরুদ্ধে দোষ চাপিয়ে পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করে আমাদের কর্মীদের হয়রান করা হচ্ছে। এই নির্বাচনে তৃণমূল নিজেদের হার স্বীকার করতে পারছে না বলেই এই ঘটনা ঘটানো শুরু করেছে।

Developed by